চা বাগানে বেড়াতে যাওয়া তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মো. জসিম মিয়া (মাঝে)।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানে বেড়াতে গিয়ে তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ মো. জসিম মিয়া (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে। পলাতক রয়েছেন মো. শাহীন মিয়া।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা এ তথ্য জানান।
গ্রেপ্তার জসিম মিয়া উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের আলী আজমের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) বিকেলে ভুক্তভোগী তরুণী তার পরিচিত এক যুবককে সঙ্গে নিয়ে মাধবপুর বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে সুরমা চা-বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তারা বাগানের ভেতরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দুই ব্যক্তি লাঠি নিয়ে ডাকাত বলে ধাওয়া করলে তরুণীর সঙ্গে থাকা যুবক দৌঁড়ে পালিয়ে যান।
ওই ব্যক্তিরা তরুণীকে চা বাগানের নির্জন স্থানে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন তারা। পরে মারধর করে তরুণীর কাছ থেকে স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয় অভিযুক্তরা।
তরুণীর সঙ্গে থাকা যুবক পরে খবর দিলে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। এ সময় মো. জসিম মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে। অপর আসামি মো. শাহীন মিয়া পালিয়ে গেছে।
মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জসিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে আটকের চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/মামুন/মাসুদ