ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাবনায় বিএনপির দুপক্ষে সংঘর্ষ: আহত আরো একজনের মৃত্যু

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ২৪ মার্চ ২০২৬   আপডেট: ১৯:২৭, ২৪ মার্চ ২০২৬
পাবনায় বিএনপির দুপক্ষে সংঘর্ষ: আহত আরো একজনের মৃত্যু

নিহত মুনছুর খাঁ।

পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দুইপক্ষের সংঘর্ষ ও গুলিতে আহত মুনছুর খাঁ (৬০) মারা গেছেন। 

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খঈম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন:

নিহত মুনছুর খাঁ সুজানগর উপজেলার ভিটবিলা গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে। 

এ নিয়ে এ ঘটনা নিহতের সংখ্যা দাঁড়ালো দুইজনে। এর আগে সোমবার (২৩ মার্চ) সকালে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান চায়না খাতুন (৪০) নামে এক গৃহবধু। তিনি একইগ্রামের শুকুর আলীর স্ত্রী। 

নিহত দুইজনই বিএনপি কর্মী ইসলাম প্রামাণিক গ্রুপের সমর্থক।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খঈম উদ্দিন বলেন, সংঘর্ষে এক গৃহবধু নিহতের পর আজ চিকিৎসাধীন অবস্থায় আহত আরো একজন মারা গেছেন। গৃহবধূর লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (২৪ মার্চ) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহত যিনি মারা গেছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত হবে। 

ওসি খঈম উদ্দিন আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ মার্চ) সকালে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে স্থানীয় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে চায়না খাতুন ঘটনাস্থলে মারা যায়। গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সঙ্গে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি কর্মী ইসলাম প্রামাণিক গ্রুপের বিরোধ চলছিল। সোমবার (২৩ মার্চ) সকালে দুই পক্ষের মধ্যে মারামারি হয়।

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, দুই পক্ষই বিএনপি সমর্থক। ভিটবিলা পশ্চিমপাড়া বাজার এলাকা ও পুর্বপাড়া এলাকার দুই পক্ষের ছেলেদের মধ্যে রবিবার (২২ মার্চ) রাতে ঝামেলা হয়। সেই ঘটনার পর পূর্বপাড়ার লোকদের (রাজা গ্রুপের) পশ্চিমপাড়া  বাজারে যেতে দেবে না বলে ঘোষণা দেয় পশ্চিমপাড়া এলাকার (ইসলাম গ্রুপের) লোকজন। সোমবার (২৩ মার্চ) সকালে লাঠিসোঁটা নিয়ে পাহারা বসায় তারা এবং বাজারে যাওয়া পূর্বপাড়ার লোকদের ফিরিয়ে দেয় পশ্চিমপাড়ার লোকজন। পরে পূর্বপাড়ার লোকজন একজোট হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে পূর্বপাড়ার লোকদের উপর হামলা চালিয়ে গুলিবর্ষণ ও বাড়ি ভাঙচুর করে।  

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়