সালিশি বৈঠকে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে সালিশি বৈঠকে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা কয়েক দফা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিনের একটি বিরোধ মীমাংসার লক্ষ্যে মঙ্গলবার সকালে কুথালিপাড়া গ্রামে এক সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক এবং স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে নির্বিচারে ককটেল নিক্ষেপ করে। সংঘর্ষের একপর্যায়ে বেশকিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কয়েকটি বসতবাড়িতে লুটপাট করা হয়। এ ঘটনায় মোজাফফর নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে যায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। প্রায় সাড়ে তিন ঘণ্টার তাণ্ডব শেষে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে রানিহাটি ইউপি চেয়ারম্যান রহমত আলীকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেছেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে পরিবেশ নিয়ন্ত্রণে আছে। সহিংসতার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শিয়াম/রফিক
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে