ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মানবতাবিরোধী অপরাধের মামলা

মেনন ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ৩০ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:২৫, ৩০ এপ্রিল ২০২৬
মেনন ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই অভিযোগ গঠন করেন।

এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আসামি রাশেদ খান মেনন ও কামরুল ইসলাম গ্রেপ্তার হয়ে কারাগারে। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগ গঠ‌নের আদেশের পর দুই আসামি নিজেদের নির্দোষ দাবি করে  আদালতের কা‌ছে ন্যায়বিচার প্রার্থনা ক‌রে‌ন।

আসামিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনান বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

আদেশে তিনি বলেন, “এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করা হলো। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের যথেষ্ট কারণ রয়েছে। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলো।”

বিচারক মোহিতুল হক আসামিদের জিজ্ঞেস করেন, “আপনারা দোষ স্বীকার করেন কি না। জবাবে রাশেদ খান মেনন বলেন, আমি নির্দোষ। ন্যায়বিচার চাই।”

আসা‌মি কামরুল ইসলামও তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দা‌বি ক‌রে ন্যায়বিচার চে‌য়ে‌ছেন।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়