গিয়াস উদ্দিন সেলিমের ‘পথের প্যাঁচাল’
নতুন গল্প নিয়ে আবারো হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ‘কাজল রেখা’ নির্মাণের পর এবার তিনি তৈরি করেছেন একটি ফ্ল্যাশ ফিকশন—‘পথের প্যাঁচাল’। নির্মাণ শেষ হওয়া কাজটি আগামী ৬ মে, রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
এই ফ্ল্যাশ ফিকশনে অভিনয় করেছেন—ইয়াশ রোহান, বহ্নি হাসান, মনির হাসান খান শিমুল, অশোক বেপারী, প্রণব ঘোষ এবং সানজিদা ইয়াসমিন স্নিগ্ধা। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে এর পোস্টার।
‘পথের প্যাঁচাল’ নামটি শুনলে স্বাভাবিকভাবেই মনে পড়ে যায়, সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘পথের পাঁচালী’ সিনেমার কথা। তবে নির্মাতা স্পষ্ট করেছেন, নামের মিল থাকলেও গল্প বা ভাবনায় এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ আলাদা প্রেক্ষাপটের একটি গল্প।
গল্পের কেন্দ্রে রয়েছে বায়েজিদ, যে একজন অটোরিকশাচালক, যার জীবন প্রতিদিন একই ছন্দে ঘুরে চলে। হঠাৎ করেই তার জীবনে আসে উমা, এক তরুণ ঔপন্যাসিক, যে নিজের প্রথম বই প্রকাশের সংগ্রামে লড়ছে। ভিন্ন সামাজিক বাস্তবতায় বেড়ে ওঠা এই দুই মানুষের কথোপকথন, সম্পর্ক ও মানসিক সংযোগই গল্পের মূল শক্তি।
বায়েজিদ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান এবং উমা চরিত্রে বহ্নি হাসান। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, “জীবন এক দীর্ঘ পথ, আর সেই পথেই জন্ম নেয় অসংখ্য গল্প। এখানে ভিন্ন দুটি শ্রেণির মানুষের সম্পর্ককে মানবিক দৃষ্টিতে দেখার চেষ্টা করেছি। কেউ এটিকে অসম ভাবতে পারেন, কিন্তু আমি একে সহজ-সরল সম্পর্কের স্বাভাবিক প্রকাশ হিসেবেই দেখি।”
গল্প প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, “এটা ট্যালেন্টের গল্প। ট্যালেন্ট কখন, কোথায়, কীভাবে প্রকাশ পাবে—তা কেউ জানে না। এই গল্পও তেমনই এক অপ্রত্যাশিত আবিষ্কার।”
শিপ্রা দেবনাথের গল্পে নির্মিত এই ফ্ল্যাশ ফিকশনের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম। আলফা-আই এবং চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি।
এর আগে একই প্ল্যাটফর্মে ‘খুব কাছেরই কেউ’, ‘গ্যারাকল’, ‘অন্ধ বালক’, ‘পারফেক্ট ওয়াইফ’, ‘থার্সডে নাইট’ এবং ‘টিফিন বক্স’ শিরোনামে ফ্ল্যাশ ফিকশনগুলো মুক্তি পেয়েছে, যা দর্শকদের আগ্রহ তৈরি করেছে।
ঢাকা/রাহাত/শান্ত