ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রকৃতিকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আনতে হবে: পরিবেশ উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ১৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:১১, ১৭ জানুয়ারি ২০২৫
প্রকৃতিকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আনতে হবে: পরিবেশ উপদেষ্টা

শুক্রবার নটরডেম কলেজে জাতীয় প্রকৃতি সম্মেলনে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। উন্নয়নের ধরন বদলাতে হবে। ভুল কাজের কারণে খাবার ও পানীয় নিরাপদ নেই। প্রকৃতিকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আনতে হবে। বায়ু, মাটি ও পানি রক্ষা করা জরুরি।”

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর নটরডেম কলেজে ১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, “পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, নাগরিকদেরও দায়িত্ব। বৃক্ষরোপণ, জলাশয় রক্ষা এবং প্লাস্টিকদূষণ কমানোর মতো ছোট ছোট উদ্যোগ প্রকৃতিকে বাঁচাতে বড় ভূমিকা রাখে।” 

তরুণদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা বলেন, “পরিবেশ সংরক্ষণ মানবাধিকারের অংশ। এটি মানুষের পাশাপাশি প্রাণীদেরও অধিকার। আমাদের প্রকৃতিকেন্দ্রিক হতে হবে। যা সৃষ্টি করা যায় না, তা ধ্বংস করাও উচিত নয়।” 

তিনি প্রয়োজন ছাড়াই হর্ন বাজানো বন্ধ করা, প্লাস্টিক বোতল ব্যবহার না করা এবং জীবনযাত্রায় পরিবর্তন আনার পরামর্শ দেন।

নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন— প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, নটরডেম নেচার স্টাডি ক্লাবের মডারেটর বিপ্লব কুমার দেব এবং প্রতিষ্ঠাতা মডারেটর মিজানুর রহমান ভূঁইয়া।

জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য মুকিত মজুমদার বাবু, মিজানুর রহমান ভূঁইয়া এবং ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও আজীবন সম্মাননায় ভূষিত হন। 

পরিবেশ উপদেষ্টা বেলুন উড়িয়ে ১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে অংশ নেয় অর্ধশতাধিক প্রতিষ্ঠানের ১ হাজার ২০০ শিক্ষার্থী। চিত্রাঙ্কন, গ্রিন ইভেন্ট, গ্রিন ডিবেট ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রদর্শনীতে উৎসবমুখর ছিল নটরডেম কলেজ ক্যাম্পাস।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়