ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:২৩, ২০ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন

হাদির মরদেহ ময়নাতদন্ত শেষে আবারো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ আবারো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে হাদির মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে বাকি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় । দুপুর ২টায় সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। 

হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে জাতীয় সংসদ ভবনসহ ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। 

জানাজার স্থানে বাংলাদেশের পতাকা ব্যতীত অন্য কোনো পতাকা না আনার আহ্বান জানিয়েছে হাদির পরিবার। 

হাদির মৃতুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে আজ। দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাদির মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেওয়া হয়। হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

গত ১২ ডিসেম্বর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওই রাতেই সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে সেখানেই মারা যান তিনি।

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়