নির্বাচনে ১৮ জেলার ১৮৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনীর (বিজিবি) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ১৮৩ প্লাটুন বিজিবি সদস্য মাঠে নামানো হয়েছে। তারা দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন করবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে জোয়ানরা।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) গোপালগঞ্জে প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব তথ্য জানান।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, যশোর ব্যাটালিয়ন তাদের আওতাধীন ৩টি জেলার ১১টি সংসদীয় আসনে ৩১ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলাতে ৮ প্লাটুন বিজিবি সদস্য রয়েছে।
তিনি আরো জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখে সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্যকে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে ড্রোন, বডি অন ক্যামেরা এবং বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
বিজিবির এই কর্মকর্তা আরো বলেন, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে ‘রোবাস্ট পেট্রোল’ পরিচালনার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স এবং র্যাপিড অ্যাকশন টিম সদা প্রস্তুত রয়েছে। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য বলে জানান রিজিয়ন ও ব্যাটালিয়ন কমান্ডার।
ঢাকা/বাদল/বকুল