বিআরটিসির দেশীয় কারখানায় তৈরি হলো এসি বাস
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত দুটি আধুনিক এসি বাসের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার গাজীপুরে বিআরটিসির সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় আয়োজিত অনুষ্ঠানে বাস দুটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
শেখ মইনউদ্দিন বলেন, ‘‘বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত এই দুটি আধুনিক এসি বাস কেবল নতুন যান সংযোজন নয়, এটি সংস্থাটির সক্ষমতা ও আত্মনির্ভরতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক।’’
তিনি বলেন, দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। এ ক্ষেত্রে বিআরটিসিকে নেতৃত্বের ভূমিকা রাখতে হবে। ভবিষ্যতে যেন বিআরটিসি শুধু নিজস্ব বহরের বাস নয়, বেসরকারি বাসও সংযোজন ও নির্মাণে সক্ষম হয় সে লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘‘এই দুটি এসি বাস নির্মাণ একটি সূচনা মাত্র। বিআরটিসির সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং সরকার সংস্থাটিকে আরও শক্তিশালী ও আধুনিক করে গড়ে তুলতে চায়। এটি পরিবহন খাতে একটি নতুন যুগের সূচনা।’’
সভাপতির বক্তব্যে বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, ‘‘পুরোনো বহর ও বাড়তি ব্যয়ের চাপের মধ্যেও উন্নত ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা এবং অপ্রয়োজনীয় ব্যয় সংকোচনের মাধ্যমে বিআরটিসির কার্যক্রম সচল রাখা হচ্ছে। বর্তমানে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) ব্যবহার করে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের বাস ও ট্রাক রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বহর আধুনিকীকরণের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া থেকে ৩৪০টি উন্নতমানের বাস আমদানির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’’
ভবিষ্যতে নতুন ট্রাক ও কোস্টার বাস সংযোজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা/এএএম//