দুই ঘণ্টা পরপর কাস্টিং ভোটের হার জানাবে ইসি
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই দিন দুই ঘণ্টা পরপর কাস্টিং ভোটের হার জানাবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।
ইসি নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা নির্ধারিত সময় অন্তর সংগ্রহ ও যাচাই করে ইসি নির্ধারিত ডিজিটাল সিস্টেমে আপলোড করা হবে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ভোটগ্রহণ পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ নির্দেশনা জারি করেন।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতি দুই ঘণ্টা অন্তর কেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা পাঠাতে হবে। এ ক্ষেত্রে প্রত্যেক নির্বাচনি এলাকায় সহকারী রিটার্নিং কর্মকর্তার অধীনে নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটরে লগইন করে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটের সংখ্যা এন্ট্রি করবেন।
ডাটা এন্ট্রির পর সহকারী রিটার্নিং কর্মকর্তা তথ্য যাচাই ও অনুমোদন করবেন। অনুমোদনের পর রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের একাউন্ট থেকে ‘Kopot Dashboard’-এ কাস্টিং ভোটের হালনাগাদ তথ্য দেখা যাবে।
ঢাকা/এমএসবি/ইভা