সিইসির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দল।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
এর আগে সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেন, “আসন্ন নির্বাচন অত্যন্ত ভালো, অংশগ্রহণমূলক এবং সর্বোপরি বিশ্বাসযোগ্য হবে।”
নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে ইভার্স ইজাবস বলেন, “সামগ্রিক পরিবেশ অত্যন্ত ইতিবাচক। সাধারণ পরিস্থিতিও আশাব্যঞ্জক। তাদের সঙ্গে যারা কথা বলেছেন, তাদের অধিকাংশই জোর দিয়ে বলেছেন—এই নির্বাচন বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রে একটি নতুন অধ্যায় সূচিত করতে পারে। সে কারণে নির্বাচনের পরিবেশ ও জনমনে প্রত্যাশা—দুটিই আশাব্যঞ্জক।”
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “মিশনের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে আলোচনা করা হয়েছে। কিছু এলাকা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ হলেও সামগ্রিকভাবে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে তাদের ধারণা।”
ঢাকা/এমএসবি/এসবি