নির্বাচন-পরবর্তী ৩০ জেলায় দুই শতাধিক সহিংসতা: এইচআরএসএস
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নির্বাচন-পরবর্তী সময়ে ৩০ জেলায় দুই শতাধিকের বেশি সহিংসতার ঘটনায় একজন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি।
সংগঠনটি জানায়, অন্তত ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম ও পর্যবেক্ষণে কিছু অনিয়ম ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত ২৫৪টি সহিংসতার ঘটনায় ৫ জন নিহত ও ১৬৫০ জন আহত হয়েছেন। নির্বাচন পরবর্তী কমপক্ষে ৩০ জেলায় দুইশ’র বেশি সহিংসতার ঘটনায় একজন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে এইচআরএসএস জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে, নির্বাচনি কর্মকর্তা এবং কোনো কোনো ক্ষেত্রে প্রার্থীর লোকজনের বাধার কারণে সংগঠনের কমপক্ষে ৪৮ জন পর্যবেক্ষক ভোট গণনা কক্ষে প্রবেশের অনুমতি পায়নি কিংবা প্রবেশের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছেন।
ঢাকা/রায়হান//