নতুন মন্ত্রীদের শপথ ঘিরে প্রস্তুত হচ্ছে সরকারি গাড়ি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হতে পারে। এ উপলক্ষে প্রয়োজনীয় সরকারি গাড়ি প্রস্তুত রাখতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনার পর রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত সরকারি যানবাহন অধিদফতের গাড়িগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী করে তোলার কাজ শুরু হয়েছে।
রবিবার সেখানে দেখা যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেসব গাড়ি ব্যবহার করছিলেন, সেগুলোসহ মোট প্রায় ৫০টি সরকারি গাড়ি প্রস্তুত করা হচ্ছে। উল্লেখ্য, ১০ থেকে ১২ জন উপদেষ্টা ইতোমধ্যে তাদের ব্যবহৃত গাড়ি অধিদফতরে জমা দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সংখ্যার চেয়ে কিছু বেশি গাড়ি প্রস্তুত রাখা হচ্ছে, যাতে কোনো গাড়ি নষ্ট হলে বা দুর্ঘটনার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রাখা যায়। শপথের দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে যেতে এসব গাড়ি ব্যবহার করা হবে। এ জন্য মনোগ্রাম ও পতাকা স্ট্যান্ডযুক্ত গাড়ি প্রস্তুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেনন জানান, মন্ত্রী পরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, ‘‘মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সাধারণত ল্যান্ডক্রুজার ও কেমব্রিজ গাড়ি ব্যবহার করেন। নতুন গাড়ি কেনা হয়নি; বর্তমানে ব্যবহৃত গাড়িগুলোর বয়স প্রায় ১০ বছর।’’
এ দিকে নতুন সরকারের মন্ত্রিসভার আকার এখনো চূড়ান্ত হয়নি। সূত্র বলছে, প্রাথমিকভাবে সর্বোচ্চ ৫০ সদস্যের মন্ত্রীসভা ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনের পর নবনির্বাচিত সরকার মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাহিদা জানালে সে অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ইতোমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ঢাকা/এএএম//