তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
তারেক রহমান।
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সৌজন্য সাক্ষাতে তিনি এই আমন্ত্রণ জানান।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাক্ষাৎকালে দুই নেতা বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের জন্য শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেওয়া হয়।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণের পর এই সাক্ষাৎকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক যোগাযোগ ভবিষ্যৎ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
একই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সাক্ষাৎকালে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
কূটনৈতিক মহলের মতে, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত বহন করে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করা হচ্ছে।
ঢাকা/আলী/বকুল