সচিবালয়ে ফুল দিয়ে বরণ
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জনিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধীনস্ত দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান তারা।
এর আগে মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সচিবালয়ে নিজ দপ্তরে আসলে মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম ও কর্মকর্তাবৃন্দ ফুল দিয়ে স্বাগত জানান।
সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মিশন, ভিশন, জনবল ও কর্মপরিধি বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি ইশতেহার ২০২৬ বাস্তবায়নে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা এবং মন্ত্রণালয়ে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।
এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘‘তারা সকলের সহযোগিতায় আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।’’
মতবিনিময় সভায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম, অতিরিক্ত সচিব আব্দুল মতিন, অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম ও প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভুঁইয়াসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন//