শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ। প্রার্থীরা ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত আপিল করতে পারবেন, আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ইসি সচিব জানান, গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়। তবে ওই আসনে কোনো ‘গণভোট’ অনুষ্ঠিত হবে না।
তিনি বলেন, “গণভোটের ব্যবধান বিবেচনায় নতুন করে এটি অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা কমিশন মনে করছে না। ফলে শেরপুর-৩ আসনে সাধারণ ব্যালটেই ভোট হবে।”
অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপ-নির্বাচনের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।
ইসি জানিয়েছে, দুই আসনেই পোস্টাল ব্যালট কার্যকর থাকবে।
ঢাকা/এমএসবি/এসবি