বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক
বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসে ইসি
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন(ইসি)।
বুধবার (১১ মার্চ) দুপুর ২টায় ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি কর্মকর্তারা জানান, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে। এতে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
বৈঠকে আমন্ত্রণ পাওয়া সংস্থাগুলোর মধ্যে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালকরা। এছাড়া, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকরাও আমন্ত্রিত রয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এই দুই আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল।
ঢাকা/এমএসবি/ইভা