ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিডিউল বিপর্যয় নেই, কমলাপুর থেকে ছেড়েছে ২১ ট্রেন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ১৭ মার্চ ২০২৬   আপডেট: ১৩:১৭, ১৭ মার্চ ২০২৬
সিডিউল বিপর্যয় নেই, কমলাপুর থেকে ছেড়েছে ২১ ট্রেন

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন। এখন পর্যন্ত সিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টা পর্যন্ত কমলাপুর থেকে ২১টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

আরো পড়ুন:

রেলওয়ে তথ্য কেন্দ্র থেকে জানা যায়, ঈদযাত্রা উপলক্ষে প্রতিদিন কমলাপুর স্টেশন থেকে মোট ৪৪টি ট্রেন ছেড়ে যাবে। এসব ট্রেনে করে দৈনিক প্রায় ৬২ হাজার মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবেন। যাত্রীচাপ সামাল দিতে ঈদকে কেন্দ্র করে বাড়তি ৫ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৩ জোড়া ট্রেন চলাচল শুরু করেছে এবং বাকি ২ জোড়া ট্রেন ঈদের দিন থেকে চলবে।

সকাল থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে লোকাল ট্রেন—বলাকা, দেওয়ানগঞ্জ, মহুয়া, কর্ণফুলী ও তিতাস। এছাড়া, আন্তঃনগর ট্রেনের মধ্যে রয়েছে ধূমকেতু, পর্যটক, পারাবত, নীলসাগর, সোনার বাংলা, সিন্দুর, তিস্তা, মহানগর প্রভাতী, সুন্দরবন, জামালপুর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস।

স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। এখন পর্যন্ত সব ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাচ্ছে। কোথাও সিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। যাত্রীদের চাপ থাকলেও শৃঙ্খলার মধ্যেই সবাই ট্রেনে উঠছেন।” 

তিনি আরো বলেন, “যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টিকিট কালোবাজারি রোধে নজরদারি জোরদার করা হচ্ছে।”

এদিকে, ট্রেনে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রা করতে আসা যাত্রীরা সময়মতো ট্রেন ছাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই জানিয়েছেন, ভিড় থাকলেও ট্রেনের সিডিউল ঠিক থাকায় ভোগান্তি কমেছে।

ঢাকা/এমএসবি/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়