ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের ছুটিতে অটোরিকশার দখলে ঢাকার রাস্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ২১ মার্চ ২০২৬  
ঈদের ছুটিতে অটোরিকশার দখলে ঢাকার রাস্তা

পবিত্র ঈদুল ফিতরে রাজধানী ঢাকা যেন এক ভিন্ন শহর—কোলাহলহীন ও যানজটমুক্ত। ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ রাজধানী ছেড়েছেন। রাস্তায় গাড়ি কম, নেই যানজট। একসময়ে ব্যস্ত সড়কগুলো এখন প্রায় ফাঁকা। আর এই ফাঁকা রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা।

শনিবার (২১ মার্চ) সকাল থেকে রাজধানীর গুলিস্তান, মতিঝিল, শাহবাগ, ফার্মগেট, কাকরাইল, পল্টন, রামপুরা, বাড্ডা, কুড়িল, ধানমন্ডি ও নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রধান সড়কগুলোতে গণপরিবহন প্রায় নেই। হাতেগোনা কিছু বাস চললেও যাত্রী সংকটে পড়েছে সেগুলো। অনেক বাস স্টপেজে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না।

পল্টন এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের সদস্য কালাম হোসেন বলেন, “ঈদের দিন ঢাকার চিত্র এমনই থাকে। আজ গাড়ি কম, তাই আমাদের ওপর চাপও কম। তবে, ফাঁকা রাস্তায় কেউ যেন অতিরিক্ত গতিতে গাড়ি না চালায়, সেদিকে নজর রাখছি।”

যানজট না থাকায় চলাচলও হয়েছে দ্রুত। ধানমন্ডি থেকে প্রেস ক্লাবে আসা যাত্রী রাশেদ হাসান বলেন, “অন্য সময় এই পথে আসতে এক ঘণ্টার বেশি লাগে। আজ ২০ মিনিটেই পৌঁছে গেছি। ঢাকা এমন থাকলে চলাচল অনেক সহজ হতো।”

তবে, যাত্রী কম থাকায় বাসচালকদের মধ্যে দেখা গেছে হতাশা। গুলিস্তান এলাকায় একটি বাসের চালক আব্দুল মালেক বলেন, “সকাল থেকে কয়েকটা ট্রিপ দিয়েছি। যাত্রী নেই বললেই চলে। ঈদের দিন একটু বাড়তি আয় হবে ভেবেছিলাম, সেটা আর হচ্ছে না।”

অন্যদিকে, স্বল্প দূরত্বে চলাচলের জন্য অনেকেই বেছে নিচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা। পরিবার নিয়ে বের হওয়া মানুষদের কাছে এটি এখন সহজ ও দ্রুত বাহন।

রামপুরা এলাকায় অটোরিকশাচালক জাকির হোসেন বলেন, “আজ রাস্তায় জ্যাম নেই। তাই, ট্রিপও বেশি দেওয়া যাচ্ছে। যাত্রী কম হলে দ্রুত যাওয়া যায়। তাই, মানুষ অটোরিকশাতেই বেশি উঠছেন।”

যানজট না থাকায় ট্রাফিক পুলিশের ব্যস্ততা কমেছে। অনেক গুরুত্বপূর্ণ মোড়ে আগের তুলনায় কম সংখ্যক সদস্য দায়িত্ব পালন করছেন। কেউ কেউ অবসরে গল্প-গুজবে সময় কাটাচ্ছেন।

তবে, ফাঁকা সড়কে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার শঙ্কার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঈদের ছুটিতে ঢাকা যেন এক স্বস্তির শহর। নেই কোলাহল, নেই চিরচেনা যানজট। তবে, এই স্বস্তির মাঝেও রয়ে গেছে সতর্কতার বার্তা— বেপরোয়া গতির কারণে ফাঁকা সড়ক যেন না হয়ে ওঠে দুর্ঘটনার মঞ্চ।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়