ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফিরতি যাত্রার বদলে গ্রামমুখী মানুষ, বাস টার্মিনালে ব্যতিক্রমী ভিড়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৩ মার্চ ২০২৬   আপডেট: ১৫:৩৩, ২৩ মার্চ ২০২৬
ফিরতি যাত্রার বদলে গ্রামমুখী মানুষ, বাস টার্মিনালে ব্যতিক্রমী ভিড়

মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড়। ছবি: রাইজিংবিডি

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের পরও রাজধানী ছাড়ার চাপ কমেনি। বরং ঈদের তৃতীয় দিন ঢাকা ছাড়ছেন অনেকে। ঈদের ছুটি শেষ পর্যায়ে থাকলেও এখনো মহাখালী বাস টার্মিনালে ঢাকা ছাড়া চাপ রয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে দেখা গেছে এমন চিত্র- ঢাকায় ফেরার চেয়ে এখনো বাড়িমুখী যাত্রীর সংখ্যাই বেশি।

আরো পড়ুন:

সরেজমিনে ঘুরে দেখা যায়, মহাখালী বাস টার্মিনালে দূরপাল্লার বাসগুলো একের পর এক ছেড়ে যাচ্ছে। যাত্রীদের হাতে ব্যাগ-লাগেজ, মুখে ঈদের আনন্দ- সব মিলিয়ে এখনো বাড়ি ফেরার আবহই বেশি লক্ষ্য করা যাচ্ছে। যদিও ঈদের ছুটি শেষের পথে, তবুও ঢাকায় ফেরার তেমন চাপ এখনো তৈরি হয়নি।

যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের আগে টিকিট সংকট, অতিরিক্ত ভিড় এবং দীর্ঘ যানজটের কারণে অনেকেই নির্ধারিত সময়ে ঢাকা ছাড়তে পারেননি। ফলে তারা অপেক্ষাকৃত স্বস্তির সময়ে, অর্থাৎ ঈদের পরবর্তী দিনগুলোতে যাত্রা করছেন। এতে করে ঈদের পরও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে।

ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড ট্রান্সপোর্টের কাউন্টার মাস্টার তরিকুল ইসলাম রাজ বলেন, “এখনো ঢাকা থেকে বাড়ি যাচ্ছেন হাজারো মানুষ। সোমবারের তুলনায় গতকাল রবিবার যাত্রীদের চাপ আরও বেশি ছিল। আশা করছি, মঙ্গলবার রাত থেকে ঢাকায় ফেরার চাপ বাড়তে শুরু করবে।”

তিনি জানান, “বর্তমানে যাত্রীদের যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক। আগে যেমন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো, এখন সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে।”

এদিকে, যাত্রীদের অনেকেই বলছেন, ঈদের আগের ভিড় এড়াতে তারা ঈদের পরে বাড়ি যাচ্ছেন। এতে করে যাত্রা কিছুটা আরামদায়ক হয়েছে।

ময়মনসিংহগামী এক যাত্রী বলেন, “ঈদের আগে খুব ভিড় ছিল। তাই ইচ্ছা করেই ঈদের পরেই সপরিবারে গ্রামের বাড়ি যাচ্ছি। এখন চাপ কম, তাই ভোগান্তি পোহাতে হচ্ছে না।”

তবে পরিবহন সংশ্লিষ্টদের ধারণা, ঈদের ছুটি শেষ হওয়ার আগমুহূর্তে ঢাকায় ফেরা মানুষের চাপ হঠাৎ করেই বাড়তে পারে। তখন আবারও টার্মিনাল এলাকায় ভিড় ও যানজটের সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে, ঈদের তৃতীয় দিনেও মহাখালী বাস টার্মিনালে বাড়িমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়