ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ১৮ জুন ২০২৩  
জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের কর্মসূচি

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের নেতারা

নির্বাচনকালীন জাতীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। কর্মসূচির মধ্যে আছে—২১ জুন সকাল ১০টায় নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে গণমিছিল এবং ২৪ জুন রাজনীতিক, সাংবাদিক, ওলামা-মাশায়েখ, বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময়।

রোববার (১৮ জুন) দুপুরে ঢাকার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিনে মেয়র পদে দলীয় প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদ, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও জাতীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে দলের মহাসচিব ইউনূছ আহমাদসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। গত প্রায় ১৪ বছরে দেশে কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। স্থানীয় সরকারের নির্বাচনগুলোতেও জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। ক্ষমতাসীনরা তাদের দলীয় লোকদের নির্বাচিত করার জন্য এমন কাজ নেই, যা করেনি। নির্বাচন কমিশন ও প্রশাসন—কেউই নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। মানুষ আর তামাশা ও প্রহসনের নির্বাচন দেখতে চায় না।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়েছেন। তিনি যেসব ভাষায় কথা বলেছেন, তা সিইসির মুখে মানায় না। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করে উনি সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নিয়েছেন। তার অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তার মতো কাণ্ডজ্ঞানহীন মানুষ সিইসি থাকতে পারে না।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, রাতের ভোটে নির্বাচিত বর্তমান সংসদের কোনো নৈতিক বৈধতা নেই। এই অবৈধ সংসদ বহাল রেখে কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না। অতএব, আমরা বর্তমান সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনকালীন জাতীয় সরকারের অধীন সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চাই।

শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা বদলের লক্ষ্যে ইসলামী আন্দোলনের পক্ষে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন সৈয়দ রেজাউল করিম। সেগুলো হলো: জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। জাতীয় সরকার তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবেন, কোনো কারণে তা সম্ভব না হলে পরবর্তী তিন মাসের মধ্যে অবশ্যই নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। বর্তমান মন্ত্রিসভার কেউ জাতীয় সরকারে থাকতে পারবেন না। জাতীয় সরকারে যারা থাকবেন, তারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

নির্বাচনকালীন জাতীয় সরকারে কারা থাকবেন, সে বিষয়ে ইসলামী আন্দোলনের আমির জানান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলনরত রাজনৈতিক দল, দেশপ্রেমিক বুদ্ধিজীবী ও সিভিল সোসাইটির (নাগরিক সমাজ) প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তারা জাতীয় সরকারের কাঠামো এবং এ সরকারে কারা থাকবেন, তা দ্রুত প্রকাশ করবেন।

নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়