ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ৩ নভেম্বর, বিক্ষোভ ২৭ অক্টোবর
সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশন বাতিলের দাবিতে ৩ নভেম্বর জাতীয় মহাসমাবেশ এবং ২৭ অক্টোবর জেলায় জেলায় বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রোববার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ কার্যালয়ে এক সভায় সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।
তিনি বলেছেন, প্রতিহিংসার রাজনীতির কবল থেকে বের হয়ে দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করতে হবে। রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্তন এখন সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু, আমরা দেখছি, বিরোধী দলের কর্মসূচি ঘোষণা হলে সরকার দলীয় লোকজন কর্মসূচি ঠেকাতে পাল্টা কর্মসূচি ঘোষণা করে। ফলে, রাজনীতির ময়দান উত্তপ্ত হয়ে ওঠে।
মাওলানা ইউনুছ আহমদ বলেন, দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। এজন্য জাতীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া জরুরি। এতে জনগণ ভোট দিলে আওয়ামী লীগ নির্বাচিত হবে। কিন্তু, নিরপেক্ষ নির্বাচনের পথে না গিয়ে সরকার যেনতেন নির্বাচন দিয়ে পুনরায় ক্ষমতায় যেতে পাগল হয়ে উঠছে। জনগণ এক মুহূর্তও সরকারকে ক্ষমতায় দেখতে চাচ্ছে না। এটা তারা কেন বুঝতেছে না? কারণ, জনগণ আওয়ামী লীগের সঙ্গে নেই।
সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নুরুল ইসলাম আল আমিন এবং অধ্যাপক নাসির উদ্দিন খান।
নঈমুদ্দীন/রফিক