তারেক রহমানের আগমন ঘিরে নেতা-কর্মীদের উচ্ছ্বাস
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিমানবন্দর এবং ৩০০ ফিট এলাকা রূপ নিয়েছে এক আবেগঘন জনসমুদ্রে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা উত্তেজনা, আবেগ আর অপেক্ষার উত্তাপে মুখর। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে নেতা-কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে পুরো বিমানবন্দর এবং ৩০০ ফিট এলাকা রূপ নিয়েছে এক আবেগঘন জনসমুদ্রে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিমানবন্দরের আশপাশের সড়ক, ফুটপাত ও খোলা জায়গাজুড়ে জড়ো হয়েছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ সমর্থকরা। হাতে দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড। স্লোগানে স্লোগানে মুখর চারপাশ- ‘তারেক রহমান ফিরে এসো’; ‘গণতন্ত্র মুক্তি পাক’; ‘জিয়া পরিবার এগিয়ে চলো’- এমন নানা স্লোগান চলতে থাকে।
এদিকে ফ্লাইট ট্র্যাকিং সূত্রে জানা গেছে, তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল ১১টা ৪৫ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিটের মধ্যে ঢাকায় অবতরণের সূচিতে রয়েছে। বড় স্ক্রিন ও মোবাইল ফোনে ফ্লাইটের অবস্থান অনুসরণ করছেন উপস্থিত নেতাকর্মীরা। প্রতিটি আপডেটেই ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে নতুন করে স্লোগান ও করতালির শব্দ।
বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন। এখন পর্যন্ত পুরো পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। বিএনপির স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীরা সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে ভিড় সামলাতে কাজ করছেন।
যুবদল কর্মী সাদ্দাম বলেন, “এই দিন দেখার জন্যই এত বছর অপেক্ষা করেছি। তারেক রহমানের আগমন মানেই আমাদের রাজনৈতিক লড়াইয়ে নতুন সাহস।” তরুণ সমর্থকদের কণ্ঠে শোনা যাচ্ছে আশার কথা, প্রবীণদের মুখে স্মৃতিচারণ।
অনেকের মতে, তারেক রহমানের এই আগমন শুধু একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন নয় বরং বিএনপির রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা।
ঢাকা/আলী/এস
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন