ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন নিয়ে বড় কোনো সংকট নেই, শান্তিপূর্ণ ভোট হবে: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন নিয়ে বড় কোনো সংকট নেই, শান্তিপূর্ণ ভোট হবে: নজরুল ইসলাম

খন্দকার নাসিরুল ইসলাম দোলন, নজরুল ইসলাম খান, আরিফুর রহমান দোলন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি কোনো বড় সংকট দেখছেন না। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে সমর্থন দান উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, কোনো বিষয়েই শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। জীবনে অনিশ্চয়তা সবসময়ই থাকে। তবে বাস্তবতার নিরিখে নির্বাচন নিয়ে আমি কোনো সংকট দেখছি না। আশা করছি, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, শান্তিপূর্ণ নির্বাচনই জনগণের আকাঙ্ক্ষা। কেউ যদি জনগণের এই প্রত্যাশার বিপরীতে কোনো কাজ করে, তাহলে জনগণের কাছেই তাদের জবাব দিতে হবে।

সংবাদ সম্মেলনে নির্বাচনের আগে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের বিএনপির প্রতি সমর্থন বাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দিন যত যাচ্ছে বিএনপির পক্ষে সমর্থন ততই বৃদ্ধি পাচ্ছে। এটি জনগণের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে।

এ সময় ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের বিএনপিকে সমর্থন দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নজরুল ইসলাম খান জানান, দোলন এখনও আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেননি। তবে তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে বিএনপিকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন।

আরিফুর রহমান দোলন তার বক্তব্যে বলেন, আমি সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। দেশের বৃহত্তর স্বার্থে আমি ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন দিচ্ছি।

তিনি আরো বলেন, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা আরো শক্তিশালী হবে।

একই অনুষ্ঠানে ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম দোলনের সমর্থনকে স্বাগত জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত নির্বাচনী মাঠে দলের কর্মী-সমর্থকদের আরো উজ্জীবিত করবে।

তিনি আশা প্রকাশ করেন, সবাই ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করতে সক্ষম হবেন।

ঢাকা/আলী/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়