নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুত করা হচ্ছে: আসিফ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুত করা হচ্ছে। যেসব জায়গায় অস্ত্র মজুত করা হয়েছে, সেসব স্থানে আজ রাতের মধ্যেই যৌথবাহিনীকে অভিযান চালানোর আহ্বান জানাই।”
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন নিয়ে নানা নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে। হান্নান মাসুদের বাড়িতে স্লোগান দিয়ে হামলা ও লুটপাট চালিয়েছে বিএনপির লোকজন। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, যা শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এছাড়া পঞ্চগড়ে সার্জিস আলমের গাড়িবহরে হামলা করা হয়েছে।পাশাপাশি ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের আসনে ১৩টি নির্বাচনি বুথে হামলা ও ভাঙচুর করা হয়েছে।সারা দেশে পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।”
আসিফ মাহমুদ বলেন, “টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। তাদের কাছ থেকে টাকা ছিনতাই করা হচ্ছে। টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ। ভোটারদের টাকা দেওয়া প্রার্থীদের বর্জন করার আহ্বান জানাচ্ছি।”
এনসিপির মুখপাত্র বলেন, “মিডিয়া বিএনপির দ্বারা দখল হয়ে গেছে। সাংবাদিকরা বাধ্য হচ্ছে। মিডিয়া একপাক্ষিক ও অদায়িত্বশীল ভূমিকা পালন করছে। আগামীকাল (বৃহস্পতিবার) এ ধরনের তথ্য-সন্ত্রাস মেনে নেওয়া হবে না।”
ঢাকা/রায়হান/এসবি