ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১৩ মার্চ ২০২৬  
মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী 

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পাশাপাশি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান।

আরো পড়ুন:

প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাছে জানতে চান, তার চিকিৎসা কার্যক্রম কীভাবে চলছে এবং তাকে দ্রুত সুস্থ করে তুলতে কী ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় তিনি প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন বলেও জানা গেছে।

এদিকে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর বিষয়েও খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক ও কূটনৈতিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেল জানায়, মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেখানে তার চিকিৎসা হবে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল, সিঙ্গাপুর–এর অধীনস্থ ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট, সিঙ্গাপুরেরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে।

চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস এবং কিছু সময়ের জন্য জ্ঞান হারান। পরে অবস্থার অবনতি হলে রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য তার পরিবার, দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ঢাকা/আলী/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়