ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিখটেনস্টেইনের জালে ইতালির ৬ গোল, স্পেনের সহজ জয়

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৯, ২৭ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিখটেনস্টেইনের জালে ইতালির ৬ গোল, স্পেনের সহজ জয়

ইতালির হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার এখন ফ্যাবিও কোয়ালারেল্লা

ক্রীড়া ডেস্ক : ২০২০ সালের ইউরো বাছাইপর্বে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও স্পেন।

পার্মায় মঙ্গলবার রাতে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির সামনে পাত্তাই পায়নি ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮১তম স্থানে থাকা লিখটেনস্টেইন। ‘জে’ গ্রুপের ম্যাচটি ৬-০ গোলে জিতেছে স্বাগতিকরা।

ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই চারবার প্রতিপক্ষের জালে বল পাঠায় ইতালি। ১৭ মিনিটে গোলের শুরুটা করে দিয়েছিলেন স্টেফান সেনসি। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির মিডফিল্ডার মার্কো ভেরাত্তি।



তিন মিনিট পরই পেনাল্টি থেকে দলের তিন নম্বর গোলটি করেন ফ্যাবিও কোয়ালারেল্লা। যোগ করা সময়ে আরেকটি পেনাল্টি থেকে স্কোরলাইন ৪-০ করে ফেলেন তিনিই। ইতালির হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার এখন ৩৬ বছর বয়সি এই ফরোয়ার্ড।

হ্যান্ডবল করে ইতালিকে দ্বিতীয় পেনাল্টি উপহার দিয়ে সরাসরি লাল কার্ড দেখেছিলেন লিখটেনস্টেইনের ড্যানিয়েল কাউফমান। ফলে বাকি সময়টা ১০ জন নিয়ে খেলতে হয়েছে অতিথিদের।

একজন কম নিয়ে খেলে দ্বিতীয়ার্ধে বলা যায় কম গোলই হজম করেছে লিখটেনস্টেইন! ৬৯ মিনিটে মইজে কিন ও ৭৬ মিনিটে অভিষিক্ত লিওনার্দো পাভোলেত্তি ইতালির বাকি দুটি গোল করেন।



টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইতালি। ৪ পয়েন্ট নিয়ে ইতালির পরেই আছে গ্রিস। তিনে থাকা বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনারও সমান ৪ পয়েন্ট।

অন্যদিকে ‘এফ’ গ্রুপের ম্যাচে মাল্টাকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়েছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ৩১ ও ৭৩ মিনিটে দুটি গোলই করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড আলভারো মোরাতা।

গ্রুপের অন্য ম্যাচে সুইডেন ও নরওয়ে ৩-৩ গোলে ড্র করেছে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন। ২ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই আছে সুইডেন।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়