ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে উঠলো আর্জেন্টিনা

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২২, ২৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে উঠলো আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক: ব্রাজিলের পর এবার কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করলো আরেক ফেবারিট আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজ ও লো সেলসোর গোলে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়েছে ১৪ বারের চ্যাম্পিয়নরা।

২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হারার পর এই প্রথম ঐতিহাসিক মারাকানায় খেলতে নেমেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচের মাত্র ১০ মিনিটেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। এ নিয়ে টানা দুই ম্যাচে গোল করলেন এ ইন্টার মিলান ফরোয়ার্ড। কর্নার থেকে পাওয়া বলে গোলে শট নেন আগুয়েরো। আর তাতে বুদ্ধিদীপ্ত ব্যাকহিলে পা ছুঁইয়ে বল জালে জড়ান লাউতারো।

এরপর ম্যাচে ফেরার আপ্রান চেষ্টা করেছে ভেনেজুয়েলা। বিশেষ করে দ্বিতীয়ার্ধে বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিল তারা। আর্জেন্টাইন গোলরক্ষক আরমানির দৃঢ়তায় আর ভেনেজুয়েলা ফরোয়ার্ডদের ব্যর্থতায় আর্জেন্টিনার জালের ঠিকানা পায়নি তারা।

উলটো ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। আগুয়েরোর শট ভেনেজুয়েলা গোলরক্ষক উইলকারের হাতে লেগে চলে আসে বদলি খেলোয়াড় লো সেলসোর পায়ে। আলতো টোকায় বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করতে ভুল হয়নি এ মিডফিল্ডারের।   

এই জয়ে কোপা আমেরিকায় টানা তৃতীয় সেমিফাইনাল নিশ্চিত করলো গত দুইবারের রানার্সআপরা। এছাড়া এটি  হবে গত ছয় আসরে আর্জেন্টিনার পঞ্চম সেমিফাইনাল। 

সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। ম্যাচটি হবে একই মাঠে ৩ জুলাই বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়।

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/নুরুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়