কলম্বোতে আজ ‘থাকবেন’ প্রথম অধিনায়ক
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির সোমবার না ফেরার দেশে পাড়ি জমান। বাংলাদেশ ক্রিকেটের এই কিংবদন্তির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।
ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে তাঁকে হার মানতে হয়েছে। গত সোমবার সকালে রাজধানীর একটি ক্লিনিকে জীবনাবসান বাংলাদেশের প্রথম অধিনায়কের।
১৯৭৭ সালে ইংল্যান্ডের এমসিসি দল তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসে। সে সময়কার ঢাকা স্টেডিয়ামে (এখন বঙ্গবন্ধু স্টেডিয়াম) সেই ম্যাচটিই ছিল বিদেশি কোনো দলের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ। ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করে শামীম কবির হয়ে যান বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়ক। শামীম কবির নামে পরিচিতি পেলেও তার আসল নাম আনোয়ারুল কবির।
নরসিংদীর জমিদার পরিবারে ১৯৪৫ সালে জন্ম শামীম কবিরের। পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ১৯৬১ সালে। খেলেছেন ৬০ দশকের মাঝামাঝি পর্যন্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ফিফটি (৬৪) ১৯৬৪ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে পিআইএ’র বিপক্ষে।
পেশাদার ক্রিকেটার হিসেবে অবসরের পর বিসিবির সঙ্গে যুক্ত হয়েছিলেন শামীম কবির। ১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে পালন করেন বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে জাতীয় পুরস্কার পেয়েছেন ক্রিকেটের এ কিংবদন্তি।
রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৯/ইয়াসিন
রাইজিংবিডি.কম
মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ রবিবার