ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম ম্যাচে উড়ে গেল নিউ জিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ১৫ এপ্রিল ২০২৩   আপডেট: ১১:১২, ১৫ এপ্রিল ২০২৩
প্রথম ম্যাচে উড়ে গেল নিউ জিল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রীতিমতো উড়ে গেছে নিউ জিল্যান্ড। শুক্রবার রাতে লাহোরে পাকিস্তান আগে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৮২ রানে অলআউট হয়। রান তাড়া করতে নেমে ১৫.৩ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট হয় নিউ জিল্যান্ড। ৮৮ রানের বড় জয়ে ঘরের মাঠে সিরিজ শুরু করে পাকিস্তান।

এদিন ক্যারিয়ার সেরা বোলিং করে নিউ জিল্যান্ডকে ধরাশায়ী করেন পাকিস্তানের পেসার হারিস রউফ। তিনি ৩.৩ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে ৪টি উইকেট নেন। ১ ওভারে ২ রান দিয়ে ২টি উইকেট নেন ইমাদ ওয়াসিম। এছাড়া শাহীন আফ্রিদি, জামান খান, ফাহিম আশরাফ ও শাদাব খান ১টি করে উইকেট নেন।

আরো পড়ুন:

পাকিস্তানের বোলিং তোপে কিউইদের মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করতে পারেন। তার মধ্যে মার্ক চাপম্যান ৩৪, টম লাথাম ২০, জিমি নিশাম ১৫ ও ড্যারিল মিচেল ১১ রান করেন।

তার আগে ৩০ রানেই ২ উইকেট হারানো পাকিস্তানকে বড় সংগ্রহ পেতে সাহায্য করেন ফখর জামান ও সাইম আইয়ুব। তৃতীয় উইকেটে তারা দুজন মাত্র ৪৩ বলে ৭৯ রান তোলেন। সাইম মাত্র ২৮ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৪৭ রান করে রান আউট হন। ফখর জামানও ৩৪ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪৭ রান করে আউট হন। শেষ দিকে ইমাদ ওয়াসিমের ১৬, ফাহিম আশরাফের ২২ ও হারিস রউফের ১১ রানে ১৮২ সংগ্রহ পায় স্বাগতিকরা।

বল হাতে নিউ জিল্যান্ডে ম্যাট হেনরি ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন অ্যাডাম মিলনে ও বেন লিস্টার।

ব্যাট হাতে ৫ বলে ১১ ও বল হাতে ১৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন পাকিস্তানের রউফ।

আজ শনিবার রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান-নিউ জিল্যান্ড।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়