ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্বে দ্রাবিড়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৬:১২, ৪ সেপ্টেম্বর ২০২৪
রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্বে দ্রাবিড়

ভারতের কোচের পদ থেকে সরে যাওয়ার পর রাহুল দ্রাবিড়ের সামনে ছিল অখণ্ড অবসর। এর মধ্যেই আইপিএলের অনেক ফ্র্যাঞ্চাইজি তাকে লুফে নিতে মুখিয়ে ছিল। তাতে সফল হয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএল দলটির হেড কোচের দায়িত্ব নিচ্ছেন সাবেক কিংবদন্তি এই ক্রিকেটার।

ক্রিকেট বিষয়ক ভারতীয় সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, রাজস্থানের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছেন দ্রাবিড়। ইতোমধ্যে তাকে নিয়ে পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে দলটি। আইপিএলের আগামী মেগা নিলামে কোন কোন খেলোয়াড় ধরে রাখা হবে ও ছেড়ে দেওয়া হবে সেটাই আলোচনা চলছে।

আরো পড়ুন:

রাজস্থানের সঙ্গে অবশ্য দ্রাবিড়ের সম্পর্ক নতুন নয়। এই দলের হয়ে শুরুর দিকে খেলেছেন ভারতীয় কিংবদন্তি। ২০১২-১৩ মৌসুমে দলটির অধিনায়ক ছিলেন তিনি। এরপর ফ্র্যাঞ্চাইজিটির পরিচালক পদেও ছিলেন। এবার নাম লেখালেন কোচ হিসেবে। সে হিসেবে পরিচিত জায়গাতেই ফিরেছেন দ্রাবিড়।

বর্তমানে রাজস্থানের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্বে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। দ্রাবিড়ের সহকারী হিসেবে বিক্রম রাঠোড়কে চাচ্ছে রাজস্থান। এদিকে রাজস্থানের মালিকানাধীন দক্ষিণ আফ্রিকা লিগের পার্ল রয়্যালসের ও সিপিএলের বারবাডোজ রয়্যালসের দায়িত্বেও থাকছেন সাঙ্গাকারা।

আইপিএলে দীর্ঘ মৌসুম কাটানো শেষে ২০১৯ সালে ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমীর দায়িত্ব নেন দ্রাবিড়। সেখান থেকেই ২০২১ সালে ভারত জাতীয় দলের কোচ হিসেবে নাম লেখান এই কিংবদন্তি ক্রিকেটার। ২০২৪ সালে স্বদেশের মাটিতে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান দ্রাবিড়।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়