ইরানের শাসনভার নিতে প্রস্তুত রেজা পাহলভি
রেজা পাহলভি
ইরানের সর্বশেষ শাহের নির্বাসিত পুত্র- যিনি ১৯৭৯ সালের বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন- জানিয়েছেন যে, ‘ইসলামী প্রজাতন্ত্রের পতনের সাথে সাথেই’ তিনি একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার নেতৃত্ব দিতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী রেজা পাহলভি শনিবার (১৪ মার্চ) তার সোশ্যাল মিডিয়া চ্যানেলে দেওয়া এক বার্তায় জানান, তিনি ইতিমধ্যে একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় কাজ করার জন্য ইরানের ভেতরে ও বাইরে থেকে ব্যক্তিদের নির্বাচন করার কাজ শুরু করেছেন।
পাহলভি ইরানের বাইরে অবস্থিত বেশ কয়েকটি বিরোধী আন্দোলনের অন্যতম একটির নেতৃত্ব দিচ্ছেন। তবে জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের পর তার গুরুত্ব বৃদ্ধি পায়; কারণ সেই বিক্ষোভে কিছু আন্দোলনকারী ইরানে রাজতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন।
পাহলভি জানান, সাঈদ কাসেমিনেজাদ এই অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্যদের বাছাই করার প্রক্রিয়াটি পরিচালনা করছেন। সাঈদ কাসেমিনেজাদ যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক-ট্যাঙ্ক ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিজ’-এর ইরান ও আর্থিক অর্থনীতি বিষয়ক সিনিয়র উপদেষ্টা, যা ইরান সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত।
পাহলভি বলেন, “অন্তর্বর্তীকালীন ব্যবস্থার বিভিন্ন বিভাগ পরিচালনার জন্য দেশের ভেতরে এবং বাইরে যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের সক্ষমতা মূল্যায়ন করা হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “আমার নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থাটি ইসলামী প্রজাতন্ত্রের পতনের সাথে সাথেই দেশের শাসনভার গ্রহণ করতে প্রস্তুত থাকবে। আমরা স্বল্পতম সময়ের মধ্যে শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা এবং ইরানের সমৃদ্ধি ও উন্নতির পরিবেশ নিশ্চিত করব।”
ঢাকা/ফিরোজ