প্রতিবেশীদের ওপর হামলা ইরানের ‘সামরিক অক্ষমতা’ প্রকাশ করে: আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সিনিয়র কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সিনিয়র কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তাদের ‘সামরিক অক্ষমতা’ প্রকাশ করে। খবর আল-জাজিরার।
শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে গারগাশ বলেন, “ইরানি কৌশল- যা আরব উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা মোকাবিলায় তাদের অক্ষমতাই প্রতিফলিত করে। এটি মূলত ইরানের সামরিক ব্যর্থতা, নৈতিক দেউলিয়াত্ব ও রাজনৈতিক বিচ্ছিন্নতা প্রকাশ করে।”
তিনি ইরানকে ‘বিবেচনাবোধে ফিরে আসার’ আহ্বান জানিয়ে বলেন, এর শুরুটা হতে হবে ‘প্রতিবেশীদের লক্ষ্যবস্তু করা বন্ধ করা এবং তাদের মধ্যস্থতার প্রচেষ্টাকে সক্রিয় করার’ মাধ্যমে।
এদিকে শনিবার (১৪ মার্চ) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র সরদার নাইনি এক বিবৃতিতে বলেন, উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ব্যাংকের শাখাগুলোতে ইরানের হামলা ছিল মূলত একটি প্রতিশোধমূলক পদক্ষেপ।
ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের খবর অনুযায়ী, নাইনি বলেন, “আমেরিকান ব্যাংকের শাখাগুলোতে এই হামলা চালানো হয়েছে শত্রুর (যুক্তরাষ্ট্র) পক্ষ থেকে ইরানের দুটি ব্যাংকের ওপর হামলার জবাবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “শত্রু যদি আবারও এই ধরনের কাজ করে, তাহলে এই অঞ্চলের সব আমেরিকান ব্যাংকের শাখা আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।”
দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার এলাকায় টানা দুটি হামলার ঘটনায় সিটি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডসহ দুবাইয়ে অবস্থিত প্রধান মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের সরিয়ে নিতে এবং ‘ওয়ার্ক-ফ্রম-হোম’ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে।
ইতিমধ্যে, এইচএসবিসি কাতারে তাদের শাখাগুলো বন্ধ করে দিয়েছে এবং এই অঞ্চলে তাদের কর্মীদের জন্য রিমোট ওয়ার্কিং কাজ করার নীতি কার্যকর করেছে।
ঢাকা/ফিরোজ