কাতারসহ চার দেশে বাংলাদেশিদের ভিসার মেয়াদ এক মাস বাড়ছে: নুর
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে কর্মরত যেসব বাংলাদেশি শ্রমিক ছুটিতে দেশে এসে আটকে পড়েছেন, তাদের ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তবে, এ সুবিধা পেতে আগ্রহীদের অবশ্যই আগামী ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে।
শুক্রবার (১৩ মার্চ) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাঠে গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, “কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে কর্মরত অনেক শ্রমিক ছুটিতে দেশে এসে বিভিন্ন কারণে সময়মতো ফিরতে পারেননি। তাদের কথা বিবেচনা করে ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে এই সুযোগ পাওয়া যাবে না।”
মুন্সীগঞ্জের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে নুরুল হক নুর বলেন, “মুন্সীগঞ্জ একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। এখানকার বিপুল জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে এখানে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং মাদক সমস্যা এই জেলার বড় চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা বাহিনীকে এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক এ.কে.এম. গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মাসুদ ফারুক, ইসহাক আলী, মুন্সীগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক গোলজার, সহ-সভাপতি রুবেল সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা/রতন/রাজীব
ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলার ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র