ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরকার মালিক শ্রমিকের ‘টিম ওয়ার্ক’ চলমান থাকবে: শ্রমমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ১ মে ২০২৬   আপডেট: ১৯:৪৮, ১ মে ২০২৬
সরকার মালিক শ্রমিকের ‘টিম ওয়ার্ক’ চলমান থাকবে: শ্রমমন্ত্রী

মহান মে দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার ও শ্রম সংক্রান্ত সমস্যা নিরসন এবং শ্রম খাতে সম্ভাবনার ক্ষেত্র প্রসারিত করতে সরকার-মালিক-শ্রমিকের ‘টিম ওয়ার্ক’ চলমান থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (১ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মহান মে দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরো পড়ুন:

মন্ত্রী বলেন, ‘‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রাষ্ট্রচিন্তার মূলে ছিল শ্রমজীবী মানুষের কল্যাণ সাধন এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করাসহ শোভন কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছে।’’

আরিফুল হক চৌধুরী বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সুচিন্তিত পরামর্শ এবং নীতি সহায়তায় গত ঈদুল ফিতরের আগে বেতন, বোনাস ও ছুটি নিশ্চিত করায় শ্রমিকেরা হাসিমুখে বাড়ি ফিরেছিলেন। আগামী ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি হিসেবে সংশ্লিষ্ট সকলকে নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিক ও মালিক পক্ষের আন্তরিক সদিচ্ছা ও গঠনমূলক সহযোগিতা পেলে এই পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব।’’

নিহত শ্রমিক পরিবারকে চেক হস্তান্তর

সভায় মিরপুর কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ১৩ জন শ্রমিকের প্রত্যেক পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

এর আগে সকাল ৮টায় মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। শ্রমমন্ত্রীর নেতৃত্বে ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি সজ্জিত র‍্যালি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মূল ফটকে এসে শেষ হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন, শ্রমসচিব মো. আব্দুর রহমান তালুকদার, আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

ঢাকা/এএএম//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়