পাকিস্তান- নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে সুপার এইটের ‘সুপার ফাইট’ শুরু
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত হারেনি কোন দল?
উত্তরটা খুব সহজ- চারটি।
কোন চার দল?
ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
পাঠক ঠিকই পড়ছেন। জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। ওমানকে উড়িয়ে দেওয়ার পর অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে আনে তারা। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ক্রিকেট বিশ্বে বার্তা দেয়, ‘‘আমরা ফুরিয়ে যাইনি।’’ সিকান্দার রাজারা ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্ব আসরে উড়ছে।
ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের প্রথম পর্বে কোনো ম্যাচ না হারা স্বাভাবিক ঘটনা। জিম্বাবুয়ে চমকে দিয়েছে। এই চার দলের সঙ্গে সুপার এইটে উঠেছে পাকিস্তান, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। রোববার, ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে জমজমাট সুপার এইটের ‘সুপার ফাইটের’ লড়াই। পাল্লেকেলেতে প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। বাংলাদেশ সময় ম্যাচটা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
গ্রুপ পর্বে দুই দলের পারফরম্যান্সেই ছিল ওঠানামা। রানার্সআপ হয়েছে দুই দলই। ‘এ’ গ্রুপে ৪ ম্যাচ খেলে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার এইটে নাম লেখায় পাকিস্তান। ভারতের কাছে হারলেও নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিপক্ষে জয় পায় বাবর-আফ্রিদিরা। ‘ডি’ গ্রুপ থেকে ৪ ম্যাচে ৩টিতে জিতেছে নিউ জিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার বিপক্ষে জয় পায় নিউ জিল্যান্ড।
ভারত ম্যাচের ব্যর্থতা ভুলে পাকিস্তান বাকি তিন ম্যাচের সুখস্মৃতি নিয়ে সুপার এইটে ভালো করতে মুখিয়ে। দলটির অধিনায়ক সালমান আগা বলেছেন, ‘‘গ্রুপ পর্বে দল ভাল পারফরমেন্স করেছে। ৪ ম্যাচের ৩টিতেই জিতেছি। আশা করছি, গ্রুপ পর্বের পারফরমেন্স সুপার এইটেও অব্যাহত থাকবে। নিউ জিল্যান্ড শক্তিশালী দল। তাদেরকে হারাতে হলে তিন বিভাগেই ভাল ক্রিকেট খেলতে হবে। আমরা আশাবাদী, ব্যাটার ও বোলাররা ভাল পারফরমেন্স করবে এবং দলকে জয় উপহার দেবে।’’
সেরা আট নিশ্চিতের পর নিউ জিল্যান্ড আর পেছনে ফিরে তাকাতে চায় না। দলটির ব্যাটসম্যান ডার্ল মিচেল বলেছেন, ‘‘গ্রুপ পর্বে দল হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু সুপার এইট পর্ব আমাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এখানে জয় পাওয়া সহজ হবে না। পাকিস্তানের বিপক্ষে জয় পেতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’’
পাল্লেকেল্লের মন্থর পিচে লড়াই মূলত পাকিস্তানের স্পিনারদের বিরুদ্ধে কিউই ব্যাটসম্যানদের৷ অন্তত বিশেষজ্ঞদের ধারণা তেমনটাই ৷ পাকিস্তানের স্পিনার উসমান তারিককে নিয়েই আলোচনা বেশি। নিউ জিল্যান্ডের অলরাউন্ডার মার্ক চ্যাম্পমান সমীহ করেছেন উসমানকে, ‘‘ক্রিজে যেভাবে এসে থমকে ও বল করে তাতে নিঃসন্দেহে উসমান তারিকের বোলিং-অ্যাকশন অন্যরকম ৷ তাই সেটা তো ফ্যাক্টর বটেই ৷ তবে সে ছাড়াও পাকিস্তান দলে আরও একাধিক ভালোমানের স্পিনাররা রয়েছে ৷ সুতরাং পাক স্পিনারদের প্রত্যেকেই সমীহ করার মতো ৷"
সঙ্গে তিনি যোগ করেন, "পাকিস্তান এমন একটা দল যাদের সঙ্গে গত কয়েকবছরে আমরা খুব ঘন ঘন খেলেছি ৷ তাই ওরা কী করতে পারে, সে সম্পর্কে একটা সম্যক ধারণা আমাদের রয়েছে ৷ আমরা কেবল ওদের বিরুদ্ধে দল হিসেবে খেলতে চাই ৷"
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৪৯ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউ জিল্যান্ড। আজকের ম্যাচটি হতে যাচ্ছে দুই দলের ৫০তম টি-টোয়েন্টি। এর মধ্যে নিউজিল্যান্ড ২৩টিতে ও পাকিস্তান ২৪টিতে জয় পেয়েছে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
আজ কার মুখে ফুটবে হাসি?
ঢাকা/ইয়াসিন