দেশের বিভিন্ন স্থানে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ
ঠাকুরগাঁওয়ে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ
আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহর থেকেই বিনম্র শ্রদ্ধায় ও ভালোবাসায় সমগ্র জাতি স্মরণ করছে সেইসব বীর সন্তানদের, যারা ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন।
ঠাকুরগাঁও
গভীর শ্রদ্ধা, নীরবতা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজ শহিদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ঠাকুরগাঁও প্রেসক্লাব, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে রাত ১২টা ১৫ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার (বড়মাঠ) প্রাঙ্গণে ও রাত ১২টা ২৫ মিনিটে সাধারণ পাঠাগার চত্বরে ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কক্সবাজার
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। প্রথম পুষ্পমাল্য অর্পণের সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা প্রশাসক মো. আ. মান্নান, জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। এরপর একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বগুড়া
সারাদেশের ন্যায় বগুড়াতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান একুশের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে শহরের শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। শুরুতেই বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা ও জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেনের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের সদস্যরা। এরপর থেকে পর্যায়ক্রমে শহীদ বেদীতে পুষ্পক স্তবক অর্পণ করেন জেলা সিভিল সার্জন অফিস, জেলা পরিষদ, বগুড়া পৌরসভা, বগুড়া প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
টাঙ্গাইল
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় জেলা প্রশাসক শরীফা হক উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে সঙ্গে নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শামসুল আলম সরকার পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল প্রেসক্লাব, জেলা সিভিল সার্জন, উপজেলা প্রশাসন, পৌরসভাসহ একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
বরিশাল
যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২ টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শুরু হয়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, রেঞ্জ ডিআইজি মনজুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল ইসলাম সুমন, মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পর্ঘ অর্পণ করা হয়।
রাজশাহী
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে রাজশাহীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে নগরীর সোনাদিঘির পাড়ে এক একর জমির ওপর নির্মিত নতুন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। শহীদ মিনার চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করে শহীদ মিনারের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এরপর তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ ও জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নবনির্মিত এই শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মুন্সীগঞ্জ
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন,জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সরকারি হরগঙ্গা কলেজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,জেলা পরিষদ মুন্সীগঞ্জ পৌরসভা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, জেলা ফায়ার সার্ভিস, সরকারি মহিলা কলেজ, উপজেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন।
খুলনা
অমর একুশের প্রথম প্রহর থেকে খুলনায় বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মহান ভাষা শহীদদের। শুক্রবার রাত ১২টা ১ মিনিটের পর শুরু হয় মহানগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ও জেলা কমান্ড শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, খুলনা মহানগর ও জেলা বিএনপি, খুলনা প্রেসক্লাব, মহানগর ও জেলা যুবদল, মহানগর ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসদ, সিপিবি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, খুলনা ইউনানী মেডিকেল কলেজ হাসপাতাল, মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
ঢাকা/হিমেল/তারেকুর/এনাম/কাওছার/পলাশ/মাহী/রতন/নুরুজ্জামান/ফিরোজ