মাস সেরার তালিকায় মোস্তারি
২০২৬ সালের জানুয়ারি মাসের মাস সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ নারী দলের ব্যাটসম্যান সোবহানা মোস্তারি। উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ব্যাট হাতে আলো ছড়িয়ে আইসিসির স্বীকৃতির হাতছানি মোস্তারির।
জানুয়ারির সেরার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিস। প্রত্যেকেই তারা বাছাই পর্বে ভালো করেছে।
টুর্নামেন্টে ৬ ম্যাচে ৪৫.৮০ গড়ে ২২৯ রান করেন মোস্তারি। বাংলাদেশকে প্রতিযোগিতার মূল পর্বে নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছেন তিনি। জুন-জুলাইয়ে ইংল্যান্ডে বসবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
থাইল্যান্ডের বিপক্ষে ৫৯ রান করেছিলেন ডানহাতি ব্যাটসম্যান। এছাড়া স্কটল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৪৭ রান। বাকি পাঁচ ম্যাচের চারটিতেই রান করেছিলেন ত্রিশের বেশি। ইনিংসগুলো হচ্ছে- ৩৩*, ৩০, ৩৪* ও ৩২। এক ম্যাচে তার রান ছিল ২৭।
এছাড়া বল হাতে ১টি উইকেটও পেয়েছেন। এদিকে পুরুষদের মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন ইংল্যান্ডের জো রুট, নিউ জিল্যান্ডের ডার্ল মিচেল ও ভারতের সূর্যকুমার যাদব।
ঢাকা/ইয়াসিন