রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজশাহী মহানগরীর উপকণ্ঠে শিলিন্দা এলাকায় পরিত্যক্ত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। ওড়ানো হয়েছে জাতীয় ও দলীয় পতাকা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চারজন যুবককে পতাকা উত্তোলন ও ছবি টাঙাতে দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এদিন বিকেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী কলেজ শাখার সভাপতি রাসিক দত্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেন। এ নিয়ে চলছে আলোচনা-সমোলোচনা।
ভিডিওতে দেখা যায়, দুই যুবক মাস্ক এবং এক যুবক হেলমেট পরিহিত। অন্য একজন হেলমেট কিংবা মাস্ক পরেননি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির রাজশাহী জেলা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। দরজা-জানালা এবং ইটও খুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় আছে।
এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তাকে পাঠানো ম্যাসেজরও উত্তর দেননি তিনি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গাজিউর রহমান বলেছেন, “বিষয়টি শুনেছি। তবে, আমাদেরকে কেউ জানায়নি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। কারা সেখানে পতাকা উত্তোলন করেছে, তাদেরকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/মাহী/রফিক