ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউটার্ন নাকি অনট্র্যাক!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউটার্ন নাকি অনট্র্যাক!

ইয়াসিন হাসান, লন্ডন থেকে : দিনাজপুর থেকে বিকেএসপি। বিকেএসপি থেকে জাতীয় দল। জাতীয় দলের হয়ে এখন বিশ্বমঞ্চে। কী দারুণ ক্রিকেট যাত্রা লিটন কুমার দাসের।

বিকেএসপিতে তার ক্যারিয়ার শুরু হয়েছিল ব্যাটিং অর্ডারের ৫-৬-এ! ব্যাটিংয়ের স্টাইল দেখে মন্টু দত্ত স্যার উপদেশ দিলেন টপ অর্ডারে ব্যাটিং করার, তাহলেই না বড় ব্যাটসম্যান হওয়া সম্ভব। সেই উপদেশে লিটন উঠে এলেন টপ অর্ডারে। যেখানে সবচেয়ে সফল এই ব্যাটসম্যান।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক দ্যুতি ছড়িয়ে রানের বন্যা বইয়ে লিটন জায়গা করে নেন জাতীয় দলে। যতটুকু তার সামর্থ্য, ছিটেফোঁটাও দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট। তাইতো আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে ছটফট করছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। হতে পারে বিশ্বমঞ্চেই লিটন বাংলাদেশের সারপ্রাইজ প্যাকেজ।

কিন্তু তার ব্যাটিং অর্ডার নিয়েই যত আলোচনা। কোথায় ব্যাটিং করবেন লিটন? আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো করার পর প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৯০ বলে ৭৩ রানের ইনিংস খেলে একাদশে সুযোগ দাবি করে রেখেছেন তিনি।

ওপেনিংয়ে তামিমের সঙ্গী সৌম্য। তাহলে লিটন? অনেকেই বলছেন, লিটন ব্যাটিং করবেন তিন নম্বরে। অনেকেই বলছেন লিটন নেমে যাবেন চার কিংবা পাঁচে! যদি তিনে ব্যাটিংয়ের সুযোগ মেলে তাহলে লিটন আছেন রাইট ট্র্যাকে। যদি পিছিয়ে যেতে হয় তাহলে তাকে নিতে হবে ‘ইউটার্ন’, ফিরে যেতে হবে বিকেএসপি জীবনে!



ক্যারিয়ারের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে ‘ইউটার্ন’ নেওয়া কি সম্ভব? লিটন জানালেন বাস্তবতার কথা, ‘দেখুন আমি এতদিন ওপেনিংয়ে খেলে এসেছি। যদি নিচে ব্যাটিং করতে হয় তাহলে অনুশীলনে আমাকে সেভাবে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। তখন যেই পজিশনেই দিক না কেন চেষ্টা করব শতভাগ দেওয়ার।’

প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামার অপেক্ষায় থাকা লিটনের ক্যারিয়ার শুরু হয়েছিল তিনে। ২৮ ইনিংসের ৯টিতে তিনে ব্যাটিং করে ১২৭ রান করেছেন। আর ওপেনিংয়ে ১৮ ইনিংসে রান ৪৪০, যেখানে রয়েছে ১২১ রানের নজরকাড়া ইনিংস, যেটি খেলেছিলেন এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে। ১-৩ পজিশনের বাইরে লিটনের খেলার অভিজ্ঞতা নেই। ঘরোয়া ক্রিকেটেও শেষ সাত-আট বছরে নিচে ব্যাটিংয়ের স্মৃতি নেই। তাইতো তাকে অনট্র্যাকে রাখার পক্ষে টিম ম্যানেজমেন্ট!

বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্টকে তিনে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন সাকিব। টিম ম্যানেজমেন্টও সাকিবের আগ্রহের গুরুত্ব দিয়ে তাকে তিনে খেলিয়েছে ত্রিদেশীয় সিরিজে। তবে লিটনের দারুণ ফর্মে বিশ্বমঞ্চে সাকিবকে একধাপ নিচে নামতে হতে পারে। ভেতরের খবর, দলের সবাই চাইছেন লিটনকে একাদশে দেখতে। কারণ বিরুদ্ধে কন্ডিশনে দারুণ ফর্মে থাকা লিটনকে বাজিয়ে দেখতে চায় দল।

সুযোগের অপেক্ষায় থাকা লিটন চ্যালেঞ্জ নিতে মুখিয়েও আছেন,‘ সুযোগ পেলে অবশ্যই ভালো করার চেষ্টা করব। সুযোগের অপেক্ষায় থাকব। দলের জন্য যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত। টিম ম্যানেজমেন্ট যেখানে খেলাতে চাইবে সেখানে খেলতে আমি প্রস্তুত।’

ঘরোয়া ক্রিকেট ভালোভাবে রাঙিয়ে লিটন আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে মেলে ধরছেন খুবই অল্পকরে। এবারের বিশ্বকাপ হতে পারে তার ক্যারিয়ারের বাঁক বদলের সবচেয়ে বড় উপলক্ষ। তাইতো কোনোভাবেই পাওয়া সুযোগ হাতছাড়া করতে চান না, এখানে ভালো করলে সবাই ভালো বলবে। যদি সুযোগ আসে তাহলে ভালো করার আপ্রাণ চেষ্টা করব।’

 

 

রাইজিংবিডি/লন্ডন/৩১ মে ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়