ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বিএসএমএমইউ নয়, ইউনাইটেডে চিকিৎসা নিতে চান খালেদা’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএসএমএমইউ নয়, ইউনাইটেডে চিকিৎসা নিতে চান খালেদা’

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নয়, বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাসেবা নিতে চান বলে জানিয়েছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

রোববার দুপুরে বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লকের সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এ তথ্য জানান।

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাসেবা নেওয়ার ইচ্ছার কারণে সব প্রস্তুতির পরও খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে আসেনি কারা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আর চিকিৎসা নিতে চান না, অনীহা প্রকাশ করেছেন।

এদিকে, বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলছে, বিএনপির চেয়ারপারসনকে হাসপাতালে আনা হচ্ছে, এমন নির্দেশনা পেয়ে ভিআইপি কেবিন ব্লকের ৬২১ ও ৬২২ নম্বর কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন বলেন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। পরে দুপুরে আবদুল্লাহ হারুন সাংবাদিকদের বলেন, তার (খালেদা জিয়া) কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য আসার কথা রয়েছে। তবে আজ তিনি আসছেন না। ভবিষ্যতে কোনো সময়ে আসবেন।

ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ‘উনার (খালেদা জিয়া) যে ইচ্ছাটা, ইউনাইটেড হাসপাতালে উনি চিকিৎসা নিয়ে থাকেন, ওখানে নিজস্ব যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, যারা সারাজীবন উনাকে দেখছেন, তারা ওখানে আছেন, তাদের অধীনে চিকিৎসা নিতে।’

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। এমনকি হুইল চেয়ারে ঠিকমতো বসতে পারেন না। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসক এফ এম সিদ্দিকী কারাগারে গিয়েছিলেন। সেখানে স্পষ্ট করে বলেছেন, বেসরকারি হাসপাতাল ইউনাইটেডে উনার যে বিশেষজ্ঞ ডাক্তার আছেন তাদের অধীনে চিকিৎসা নিতে। সুতরাং এটা যে খুব একটা বড় দাবি আমরা তা মনে করি না। তাকে পিজিতেই আনতে হবে, এমন তো কথা নেই। এদেশে অনেকেই আছেন যারা প্যারোলে বিদেশে গিয়েছিলেন, এখনো যাচ্ছেন চিকিৎসার জন্য।’



রাইজিংবিডি/ঢাকা/১০ মার্চ ২০১৯/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়