ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাহিকে বিয়ের কাবিননামা দেখাতে পারেনি শাওন

মাকসুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ৩০ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাহিকে বিয়ের কাবিননামা দেখাতে পারেনি শাওন

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে আপলোড করা ছবিকেই মাহিয়া মাহির সঙ্গে বিয়ের প্রমাণ দাবি করেছেন কথিত স্বামী শাহরিয়ার শাওন। পুলিশি রিমান্ডে তিনি এই দাবি করলেও বিয়ের স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি।  

 

রাজধানীর মধ্য বাড্ডার একটি বাসা থেকে শনিবার গভীর রাতে শাহরিয়ার শাওনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মাহি।

 

মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান সোমবার বিকেলে রাইজিংবিডিকে বলেন, ‘ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে শাওন নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। যেটি তিনি (শাওন) দাবি করছেন, তার স্বপক্ষে ছবি ছাড়া কোনো ডকুমেন্ট তা দেখাতে পারেননি।’

 

শাওনকে জিজ্ঞাসাবাদ করছে, মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানান, রোববার আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে নেওয়া হয়। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনার পর থেকে মাহির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে শাওন দাবি করেছেন, মাহির সঙ্গে তার পরিচয় স্কুল জীবন থেকে। তারা উত্তরায় একই স্কুলে লেখাপড়া করেছেন। বন্ধুত্বের সম্পর্ক ধরেই এক সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুইজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।  

 

গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে শাওন আরো বলেন, মাহি তার স্ত্রী। এর স্বপক্ষে কাবিননামা না থাকলেও অনেক কিছুর প্রমাণ আছে। এই প্রমাণ হিসেবে তিনি ফেসবুকে আপলোড করা তার সঙ্গে মাহির বিয়ের ছবি দেখিয়েছেন। 

 

তার এই দাবি অযৌক্তিক মনে করেন পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান। তিনি আরো বলেন, রিমান্ডে বিয়ের কথা বললেও বাস্তবতা তেমন মনে হচ্ছে না। কেননা স্ত্রী দাবি করতে হলে তাকে অবশ্যই কাবিননামা দেখাতে হবে। তবে শাওনের দেওয়া তথ্যে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া গেছে মাহির সঙ্গে শাওনের বন্ধুত্ব ছিল।

 

রিমান্ডে দেওয়া শাওনের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ফেসবুকের ছবি এবং শাওনের দেওয়া তথ্য নিয়ে তদন্ত সংশ্লিষ্টরা মাহির সঙ্গেও কথা বলতে পারেন।  

 

সম্প্রতি চিত্র নায়িকা মাহির বিয়ে হওয়ার পর শাহরিয়ার শাওন তাকে স্ত্রী দাবি করে মাহির সঙ্গে তার কথিত বিয়ের ছবি ফেসবুকে আপলোড করেন। এরপর মাহি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৬/মাকসুদ/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়