ভারতের অনুরোধ রাখল না আইসিসি
ক্রীড়া ডেস্ক : আইসিসির অনুমতি না নিয়ে ভারতের সেনাবাহিনীর প্রতীক সম্বলিত গ্লাভস পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ওই ম্যাচের পর ধোনিকে সতর্ক করে আইসিসি। তারা ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের কর্মকর্তাদের মাধ্যমে পরবর্তী ম্যাচে ধোনিকে ওই গ্লাভস না পরে খেলতে বলে।
কিন্তু বিষয়টিতে ধোনির পাশে দাঁড়ায় বিসিসিআই। তারা আইসিসির কাছে ধোনির ওই গ্লাভস ব্যবহার করতে অনুমতি চাওয়ার পাশাপাশি অনুরোধও করে। বিষয়টি নিয়ে ভারত সরকারের ক্রীড়ামন্ত্রীও যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিসিসিআইকে।
কিন্তু তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রস্তাব নাকচ করে দিয়েছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি জানিয়েছে ধোনি তার গ্লাভসে ‘বলিদান ব্যাজ’ ব্যবহার করতে পারবে না। অস্ত্রের প্রতীক খেলাধুলার সঙ্গে সাংঘর্ষিক।
আইসিসির বিধান অনুযায়ী জার্সি ও অন্যান্য উপকরণে কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করা যায়। এর বাইরে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের লোগো ব্যবহার নিয়ম বহির্ভূত। তবে ক্ষেত্র বিশেষে আইসিসির অনুমতি নিয়ে লোগো ব্যবহার করা যায়। তাই বিসিসিআই আইসিসির কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু আইসিসি তাদের অনুমতি দেয়নি।
শুক্রবার রাতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইকে অনুরোধ করেছে যাতে ধোনি পরবর্তী ম্যাচে ওই প্রতীক ঢেকে মাঠে নামে। ইতিমধ্যে ধোনি আচরণবিধির জি-১ (ব্যক্তিগত বার্তা) ধারা ভঙ্গ করেছেন। এরপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে রোববার ধোনি যদি সামরিক লোগো সম্বলিত গ্লাভস পরে খেলেন, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবে আইসিসি।
এখন দেখার বিষয় ক্রিকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোর্ড বিসিসিআই আইসিসির এমন সিদ্ধান্তে কী প্রতিক্রিয়া দেখায়।
রাইজিংবিডি/ঢাকা/৭ জুন ২০১৯/আমিনুল
রাইজিংবিডি.কম