ইসরায়েলি সামরিক সংস্থায় এপস্টেইনের অনুদান
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
ইসরায়েলি সামরিক বাহিনীর টি-শার্ট পরিহিত জেফরি এপস্টেইন
মার্কিন অর্থদাতা ও কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ইসরায়েলি সামরিক বাহিনী ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। মার্কিন বিচার বিভাগের সম্প্রতি প্রকাশ করা নথি থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জর্ডানের সংবাদমাধ্যম রোয়া নিউজ।
প্রতিবেদনে বলা হয়, প্রয়াত মার্কিন অর্থদাতা ও সাজাপ্রাপ্ত শিশু যৌন অপরাধী এপস্টেইনের রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রভাবের পরিধি কতটা বিস্তৃত ছিল, এই নথিগুলো তারই নতুন প্রমাণ দিচ্ছে। নতুন নথিগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে এপস্টেইনের সম্পর্ক সামনে এনেছে।
মার্কিন বিচার বিভাগের অবমুক্ত করা ২০০৫ সালের এফবিআই এবং আইআরএস রেকর্ড অনুযায়ী, এপস্টেইনের সি.ও.ইউ.কিউ ফাউন্ডেশন থেকে ফ্রেন্ডস অব দ্য ইসরায়েল ডিফেন্স ফোর্সেসকে (এফআইডিএফ) ২৫ হাজার ডলার অনুদান দেওয়া হয়েছিল। এফআইডিএফ মার্কিনভিত্তিক একটি অলাভজনক সংস্থা যা ইসরায়েলি সেনাদের কল্যাণ ও সামরিক অবকাঠামোর জন্য তহবিল সংগ্রহ করে। নথি অনুযায়ী, ২০০৮ সালে এপস্টেইন ইসরায়েলি সামরিক ঘাঁটি পরিদর্শনও করেছিলেন।
একই নথিতে দেখা যায়, এপস্টেইন জিউস ন্যাশনাল ফান্ডে (জিএনএফ) ১৫ হাজার ডলার অনুদান দিয়েছিলেন।১৯০১ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপনের জন্য জমি সংগ্রহের কাজ করে। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী, পশ্চিম তীরের এই বসতি স্থাপন অবৈধ।
নথিতে ন্যাশনাল কাউন্সিল অব জিউস উইমেন-কে ৫ হাজার ডলারসহ আরো ছোট কিছু অনুদানের উল্লেখ রয়েছে।
প্রকাশিত এই নথিগুলোতে এফবিআই-এর একজন তথ্যদাতার বরাতে চাঞ্চল্যকর কিছু দাবিও উঠে এসেছে। ওই তথ্যদাতার মতে, এপস্টেইনের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পৃক্ততা থাকতে পারে। এমনকি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের অধীনে এপস্টেইন ‘ইসরায়েলি গুপ্তচর হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত’ ছিলেন বলেও গুঞ্জন রয়েছে। তবে এই দাবিগুলোর স্বপক্ষে এখন পর্যন্ত কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি।
২০১৯ সালে মার্কিন কারাগারে থাকাকালীন রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এপস্টেইন। তিনি তার বিশাল সম্পদ ব্যবহার করে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অভিজাত শ্রেণির সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন।বর্তমান নথিপত্র ইসরায়েলি নেতৃত্বের সঙ্গেও তার ঘনিষ্ঠতার জোড়ালো ইঙ্গিত দিচ্ছে।
ঢাকা/ফিরোজ