ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানের সিদ্ধান্ত পরিবর্তন, বিশ্বকাপে খেলবে ভারতের বিপক্ষে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০২:১৯, ১০ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের সিদ্ধান্ত পরিবর্তন, বিশ্বকাপে খেলবে ভারতের বিপক্ষে

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান।

সোমবার রাতে বিবৃতি দিয়ে দেশটির সরকার নিশ্চিত করেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত ও পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম‌্যাচটি সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার জানিয়েছিল, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ অংশ নিলেও ভারতের বিপক্ষে ম‌্যাচ খেলবে না। শুরুতে কেন খেলবে না তা স্পষ্ট করেনি পাকিস্তান সরকার কিংবা পিসিবি। তবে দুদিন পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন যে, বাংলাদেশের সঙ্গে সংহতি প্রদর্শনের উদ্দেশ্যে নিয়েছেন।

নিরাপত্তাজনিত কারণে ভারতে ম্যাচ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) । বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ‘এ’ গ্রুপ থেকে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

৮ দিন পর পাকিস্তান সিদ্ধান্ত পরিবর্তন করলো।

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আইসিসি ও পিসিবির একটি বৈঠক গতকাল পাকিস্তানে অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।

পাকিস্তানের সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম‌্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে চিঠি দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যেহেতু ম্যাচটি শ্রীলঙ্কায় হওয়ার কথা, তাই পর্যটন খাত থেকে বাড়তি আয়ের প্রত্যাশা ছিল দেশটির। কিন্তু ম্যাচটি যদি শেষ পর্যন্ত না হয় তাহলে শ্রীলঙ্কাও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তারা চিঠি দিয়েছিল।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, `ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে' পাকিস্তানকে ম‌্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে অনুরোধ করেছিলেন। বন্ধু দুই দেশের কথাই রেখেছে পাকিস্তান।   

পাকিস্তান সরকার বিবৃতিতে বলছে, ‘‘বহুপাক্ষিক আলোচনায় প্রাপ্ত ফলাফল এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্ধারিত আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মাঠে নামার জন্য পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে নির্দেশ দিয়েছে।’’

সরকারি বিবৃতিতে জানানো হয়, ‘‘ক্রিকেটের চেতনা রক্ষা এবং অংশগ্রহণকারী সব দেশের মধ্যে এই বৈশ্বিক খেলাটির ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

বিবৃতির শেষাংশে সরকার আরও উল্লেখ করে, আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে ভারত-পাকিস্তান ম্যাচকে বলা হয় বিশ্বকাপের ‘আর্থিক ইঞ্জিন’। এই এক ম্যাচই সম্প্রচারমূল্য, বিজ্ঞাপন, স্পনসরশিপ ও টিকিট বিক্রির বড় অংশের যোগান দেয়। ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচের মোট বাণিজ্যিক মূল্য প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের সমান। যেখানে সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন, স্পনসর অ্যাক্টিভেশন ও আনুষঙ্গিক ব্যবসার হিসাব ধরা হয়।

অনেক টানাপোড়েনের পর ক্রিকেট বিশ্বের সবচেয়ে হাইভোল্টেজ ম‌্যাচ নিয়ে সুখবর আসল। ১৫ ফেব্রুয়ারিতে কলম্বোতে ম‌্যাচের উত্তেজনা এখন আরো বেড়ে গেল বলার অপেক্ষা রাখে না।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়