ইংল্যান্ডকে বাগে পেয়েও হারাতে পারল না নেপাল
ইংল্যান্ডের বিপক্ষে এর আগে কখনো জয় পায়নি নেপাল। আজ রবিবার (০৮ ফেব্রুয়ারি) মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ১৮৫ রান তাড়া করতে নেমে ১৯ ওভারে ৬ উইকেটে ১৭৫। শেষ ওভারে জিততে প্রয়োজন ছিল মাত্র ১০ রান। কিন্তু তারা ৫ রানের বেশি নিতে পারেনি। তাতে ৪ রানের রুদ্ধশ্বাস জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ইংল্যান্ড। আর ইংল্যান্ডকে বাগে পেয়েও হারাতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে নেপাল।
রান তাড়া করতে নেমে ৩.৪ ওভারেই ৩৭ রান তুলে ফেলে নেপাল। এরপর দ্রুত দুটি উইকেট হারালেও রোহিত পাউডেল ও দীপেন্দ্রা সিং আইরি দাঁড়িয়ে যান। তৃতীয় উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহকে টেনে নেন ১২৪ পর্যন্ত এবং জয়ের সম্ভাবনা জাগান। এরপর এই রানের মাথায় আইরি ফিরেন ৬টি চার ও ১ ছক্কায় ৪৪ রান করে। ১২৬ রানের মাথায় বিদায় নেন রোহিতও। তিনি ২টি চার ও ২ ছক্কায় ৩৯ রান করে যান।
১৪৬ রানের মাথায় আরিফ শেখ ১০ রান করে ফিরলেও জয়ের স্বপ্ন দেখাতে থাকেন লোকেশ বাম। তিনি ২০ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকলেও শেষ বলে সমীকরণ মেলাতে পারেননি। শেষ ওভারে দারুণ বোলিং করে ইংল্যান্ডকে জেতান স্যাম কারান।
বল হাতে লিয়াম ডসন ৪ ওভারে ২১ রান দিয়ে ২টি উইকেট নেন। ব্যাট হাতে অপরাজিত ৩৯ রান ও বল হাতে ১টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন উইল জ্যাকস।
তার আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিল সল্টকে ফিরিয়ে ইংল্যান্ডকে কিছুটা চাপে ফেলেছিল নেপাল। কিন্তু এরপর জস বাটলার ও বেথেল জুটি গড়ে দলীয় সংগ্রহ বাড়ান। ৪৩ রানের মাথায় বাটলার ফিরেন ৫ চারে ২৬ রান করে। ৫৭ রানের মাথায় আউট হন নতুন ব্যাটার টম ব্যান্টনও। ২ রানের বেশি করতে পারেননি তিনি।
সেখান থেকে বেথেল ও ব্রুক দলীয় সংগ্রহকে টেনে নেন ১২৮ পর্যন্ত। এই রানে বেথেল আউট হন। যাওয়ার আগে তিনি ৪টি চার ও ৪ ছক্কায় ৫৫ রানের ইনিংস খেলে যান। নতুন ব্যাটার স্যাম কারান ১৩৭ রানের সময় ব্যক্তিগত ২ রানেই ফিরেন সাজঘরে। ১৫৭ রানে ব্রুক আউট হন ৪টি চার ও ৩ ছক্কায় ৫৩ রান করে। এরপর উইল জ্যাকস ৪টি ছক্কা ও ১টি চারে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন। তাতে ইংল্যান্ডের দলীয় সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৮৪ পর্যন্ত যায়।
বল হাতে নেপালের সন্দীপ লামিচানে ৪ ওভারে ২৫ রানে ১টি উইকেট নেন। নন্দন যাদব ৩ ওভারে ২৫ রানে ২টি ও দীপেন্দ্র সিং আইরি ৩ ওভারে ২৩ রানে ২টি উইকেট নেন।
ঢাকা/আমিনুল