মুন্সীগঞ্জে প্রকাশ্যে বন্দুক নিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জ সদর উপজেলায় প্রকাশ্যে বন্দুক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের (ফুটবল প্রতীক) সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীর কর্মী ও সমর্থকরা। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
শনিবার (৭-ফেব্রুয়ারি) দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের বেহেরকান্দি ও মুন্সীকান্দি গ্রামে এ হামলা হয়। এতে দুজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ নজরুল সরকার (৬৫) এবং রিজনকে (৩০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার পর ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আশপাশের এলাকাতেও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লার অনুসারীরা এ হামলায় জড়িত। দুই পক্ষের মধ্যে আগে থেকেই রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সীকান্দি এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার অনুসারীরা ককটেল ও আগ্নেআস্ত্র নিয়ে হামলা চালায়।
মুন্সীগঞ্জ সদর অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেছেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। নির্বাচন ঘনিয়ে আসতেই আবার তারা এলাকায় সক্রিয় হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।”
ঢাকা/রতন/রফিক