নির্বাচনে একটি দল বেশি সমস্যা তৈরি করছে: ফখরুল
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি দল বেশি সমস্যা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “ওই দলটি কখনোই বিশ্বাসযোগ্য নয়। কারণ, তারা অতীতেও স্বাধীনতার প্রশ্নে ভুল অবস্থানে ছিল; এখনো জনগণের কল্যাণ চায় না।”
রবিবার (৮ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দেবদারু তলায় অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, “নির্বাচনের শুরুতে ওই দলটি বলেছিল, জুলাই সনদ সম্পূর্ণ বাস্তবায়ন না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। পরে দেখা গেছে, তারা ঠিকই নির্বাচনে এসেছে। আবার দাবি আদায় না হলে নির্বাচন বর্জনের কথা বলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিয়েছে। এসব কারণে দলটির অবস্থান ও বক্তব্যে বিশ্বাসযোগ্যতার সংকট রয়েছে।”
তিনি বলেন, “১৯৭১ সালে এই দলটি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। এ কথা দেশের মানুষ জানে। স্বাধীনতাবিরোধীদের হাতে দেশের নিরাপত্তা ও দায়িত্ব ছেড়ে দেওয়া যায় না। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ হতে পারে না।”
ফখরুল বলেন, “বর্তমানে বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে সমস্যা তৈরির চেষ্টা চলছে। এ কারণে সবাইকে সজাগ থাকতে হবে। কোনভাবে এই নির্বাচনকে বানচাল হতে দেওয়া যাবে না।”
বিএনপির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। যিনি স্বাধীনতার ঘোষণাকারী এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। দলের চেয়ারপার্সন খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছেন এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তার শাসনামলেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু হয় এবং দেশের অর্থনীতি স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছিল।”
তিনি দাবি করে বলেন, “দেশের মানুষের চাহিদা পূরণ ও স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলা একমাত্র বিএনপির পক্ষেই সক্ষম। জামায়াতে ইসলামীর সে ধরনের কোনো অভিজ্ঞতা নেই এবং ভবিষ্যতেও তারা তা পারবে না।”
ঢাকা/নাঈম/রাজীব