ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন মারা গেছেন

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:০৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬
সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন মারা গেছেন

রমেশচন্দ্র সেন।

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশচন্দ্র সেন (৮৩) মারা গেছেন (দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এর আগে দিনাজপুর জেলা কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টা ১০ মিনিটে তাকে কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়।

দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করে। সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। তিনি হত্যাসহ ৩টি মামলায় কারাগারে বন্দি ছিলেন।

আজ শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রমেশচন্দ্র সেন ৩০ এপ্রিল, ১৯৪০ সালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মায়ের নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়ালেখা করেন। এবং সে সময় থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। 

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

ঢাকা/মোসলেম//

সর্বশেষ

পাঠকপ্রিয়