ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সালাহউদ্দিনের গণমিছিলে মানুষের ঢল, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬  
সালাহউদ্দিনের গণমিছিলে মানুষের ঢল, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সালাহউদ্দিন আহমদের নির্বাচনি গণমিছিলের নেতৃত্ব দেন।

কক্সবাজারের পেকুয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদের নির্বাচনি গণমিছিলে মানুষের ঢল নেমেছে। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার ৭ ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সমর্থকরা বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মিছিলে যোগ দিতে থাকেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে দেখা যায় প্ল্যাকার্ড, ধানের শীষ প্রতীক, সালাহউদ্দিন আহমদ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। কেউ কেউ নাচ-গানের মাধ্যমে ভোট প্রার্থনা করেন।

আরো পড়ুন:

এ দিন বিকেলে পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার থেকে গণমিছিলটি শুরু হয়ে বানৌজা সড়ক হয়ে পেকুয়া সাকুরপাড় স্টেশনে এসে পথসভায় মিলিত হয়। গণমিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। 

পেকুয়া উপজেলা বিএনপি আয়োজিত এই গণমিছিলের সম্মুখভাগে নেতৃত্ব দেন সালাহউদ্দিন আহমদ। স্থানীয় রাজনৈতিকভাবে সচেতন মহলের দাবি, পেকুয়ার অতীতের সব গণমিছিলের রেকর্ড ছাড়িয়ে গেছে এবারের এই কর্মসূচি।

মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় সালাহউদ্দিন আহমদ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। দীর্ঘ পথ পায়ে হেঁটে কর্মসূচিতে অংশ নেওয়ায় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আজ ৮ তারিখ পেকুয়া উপজেলার নির্বাচনি প্রচার শেষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বিকেল ২টায় চকরিয়া বাস টার্মিনালে আমাদের শেষ নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। সবাই যেভাবে পারেন সেখানে উপস্থিত থেকে আমাদের শক্তি ও সাহস জোগাবেন।”

নির্বাচনি আচরণবিধির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামীকাল রাতের মধ্যে সব ধরনের প্রচার কার্যক্রম শেষ হবে এবং ১০ তারিখ সকাল ৮টার মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রচারের সময়সীমা শেষ হয়ে যাবে। নেতাকর্মীদের উচ্ছ্বাস ও উদ্দীপনার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ইনশা আল্লাহ পেকুয়াসহ সারা দেশে ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে।

তিনি আরও বলেন, প্রত্যেককে নিজ নিজ ভোটকেন্দ্রে অবস্থান করতে হবে এবং ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না। একই সঙ্গে শান্তি বজায় রাখা, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মা-বোনেরা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার কথাও বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৬ থেকে ১৭ বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ইনশা আল্লাহ, এবারের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন যাত্রা শুরু করবে এবং একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে আর কখনো রক্ত দিতে হবে না।

বক্তব্যের শেষাংশে তিনি সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে গণমিছিলের সমাপ্তি ঘোষণা করেন এবং উপস্থিত জনতার প্রতি ধন্যবাদ জানান। 

এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ এবং ছেলে সাঈদ ইব্রাহীম আহমদ।

ঢাকা/তারেকুর/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়